১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৩ এএম
মিরসরাইয়ে সালিশি বৈঠক চলাকালে বৃদ্ধ শফিউল আলম হত্যা মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম রিংকুকে গ্রেফতার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে শুক্রবার রাতে নিহতের ছেলে আরাফাত হোসেন সিফাত বাদী হয়ে সাইদুল ইসলাম রিংকুকে প্রধান আসামি করে তিনজনের নামে হত্যা মামলা করেন।
এদিকে নিহত শফিউল আলমের ময়নাতদন্ত ও জানাযা শেষে শনিবার সন্ধ্যায় মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
গ্রেফতার রিংকু খৈয়াছরা ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খৈয়াছরা ইউনিয়নে সালিশি বৈঠকে শফিউল আলম হত্যায় নিহতের ছেলে আরাফাত হোসেন সিফাত বাদী হয়ে রাতে থানায় সাইদুল ইসলাম রিংকুকে প্রধান আসামি করে তিনজনের নামে হত্যা মামলা করেন।
ওসি বলেন, মামলার পর রাতভর অভিযান চালিয়ে প্রধান আসামি সাইদুল ইসলাম রিংকুকে শনিবার সকালে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
গত শুক্রবার দুপুরে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মধ্যম আমবাড়ীয়া গ্রামের সালিশি বৈঠক চলাকালে হামলায় নিহত হন শফিউল আলম। তিনি মিরসরাই উপজেলার মধ্যম আমবাড়ীয়া গ্রামের মৃত নুর বকসের ছেলে। হামলায় আহত হয়েছেন নিহতের বড় ভাই নুর আলম, ছেলে সিফাত, ভাতিজা ফকির আহম্মদ ও গ্রাম সর্দার আজিম উদ্দিন।
প্রতিনিধি/ক.ম/