জেলা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পিএম
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ভাতিজার পুকুর থেকে আখতার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে আউদিয়ার দোলা মখড়াগাছ এলাকায় আতাউর রহমানের ছেলে মহিউদ্দিন মিঠুর পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন।
নিহত আখতার হোসেন ইউনিয়নের কাঁশিপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি ভাতিজা মহিউদ্দিনের ওই পুকুরে শ্রমিক হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে আখতার হোসেন নিজ বাড়ি থেকে ব্যক্তিগত কাজে বের হন। দুপুরে ফেরার কথা থাকলেও বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এসএস