জেলা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, ০৮:০২ পিএম
ঝালকাঠির রাজাপুরে ঘর মেরামতের কাজ করতে গিয়ে সেন্টু হাওলাদার (৫৫) নামে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগড়ি জোড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেন্টু হাওলাদার মঠবাড়ি ইউনিয়নের মধ্য বাগড়ি মল্লিকবাড়ি গ্রামের মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা জানান, লিটন হাওলাদারের একটি পুরোনো কাঠের ঘর মেরামতের কাজ করছিলেন সেন্টু হাওলাদারসহ কয়েকজন শ্রমিক। কাজের একপর্যায়ে টিনের চালার ওপর থেকে পা ফসকে নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মঠবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরক সিকদার বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজাপুর থানার এসআই আতাউর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনা বলেই নিশ্চিত হওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস