images

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম

বান্দরবানের আলীকদম সীমান্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে লাংতুব মুরং (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় চালকসহ অপর আরও এক আরোহী আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটে আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কের ৪ নম্বর কুরুকপাতা ইউপির কচুরছড়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত, লাংতুব মুরং (৭০) লামা উপজেলার রূপসীপাড়া ৮ নম্বর ওয়ার্ড লাইল্যাপাড়া এলাকার লুনওয়াই মুরংয়ের ছেলে। আহতরা হলেন, মোটরসাইকেল চালক রিংরাউ মুরুং (২০) ও আরোহী লংপং মুরং (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, কুরুকপাতা বাজার থেকে দুইজন যাত্রী নিয়ে মোটরসাইকেল চালক রিংরাউ মুরুং আলীকদম সদরের দিকে যাত্রা করে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে লেকে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

যাত্রা পথে কচুরছড়া ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ চালকের চোখে পোকা পড়লে গাড়ির নিয়ন্ত্রণ হারান তিনি। এসময় মোটরসাইকেলটি রাস্তার পাশের পাহাড়ের সাথে সজোরে ধাক্কা খায় এবং চালকসহ মোট তিনজন আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে আলীকদম হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক লাংতুব মুরংকে মৃত ঘোষণা করেন।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. হাসান ঢাকা মেইলকে জানান, বেলা ২টার সময় দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্য আহত দুজন চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে জানান, আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস