জেলা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ পিএম
ঝালকাঠি সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াছুল আমিন জামাল সিকদারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী মিসাত জাহান।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিসাত জাহান জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিনি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে জামাল সিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই তার স্বামী যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। চাপের মুখে তিনি বাবার বাড়ি ও আত্মীয়-স্বজনের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা এবং চার ভরি স্বর্ণ এনে স্বামীর হাতে তুলে দিতে বাধ্য হন বলে অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, তাদের বিয়ের কাগজপত্রসহ প্রয়োজনীয় নথিপত্র বর্তমানে তার স্বামীর জিম্মায় রয়েছে। ২০১৩ সালের ৮ নভেম্বর তাদের একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। পরবর্তীতে স্বামীর বাড়িতে বসবাস শুরু করলেও পারিবারিক নানা বিষয়, বিশেষ করে স্বামীর একাধিক পরকীয়া সম্পর্ক নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
মিসাত জাহানের অভিযোগ, এসব ঘটনাকে কেন্দ্র করে তাকে নিয়মিত শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। একাধিকবার গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন।
ভুক্তভোগী এই নারী জানান, সম্প্রতি নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে এবং তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। বর্তমানে নিজের ও সন্তানের প্রাণনাশের শঙ্কায় তিনি আত্মগোপনে রয়েছেন বলে উল্লেখ করেন।
তবে অভিযুক্ত জামাল সিকদার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনো ধরনের নির্যাতনের সঙ্গে জড়িত নন।
সংবাদ সম্মেলনে মিসাত জাহান তার ও তার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা, সন্তানের পড়াশোনার সুযোগ এবং স্বামীর বাড়িতে নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিনিধি/একেবি