জেলা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, ১২:১০ পিএম
নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় সিটি পার্কের লেকে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের সন্তান। তারা সপরিবারে নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকার আলমাস মিয়ার বাড়িতে ভাড়া থাকত।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মেলায় যাওয়ার কথা বলে দুই ভাই বাসা থেকে বের হয়। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সিটি পার্ক লেকের পাড়ে তাদের কাপড় ও জুতা পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এতে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় লেকে তল্লাশি শুরু করা হয়।
তল্লাশির একপর্যায়ে প্রথমে বড় ভাই আল আমিন এবং কিছুক্ষণ পর ছোট ভাই ইব্রাহিমকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পার্ক সংলগ্ন এলাকার বাসিন্দা রাকিব জানান, সন্ধ্যার পর থেকেই শিশুদের স্বজনরা লেকপাড়ে এসে কান্নাকাটি করছিলেন। পরে স্থানীয়রা পানিতে নেমে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।
প্রতিনিধি/একেবি