জেলা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম
ইউটিউব দেখে এআই স্মার্ট কার উদ্ভাবন করেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ছাত্র রোয়ানুর রহমান রেজিম। এবার উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এ ফুলবাড়ী উপজেলায় রেজিমের এই উদ্ভাবনটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
স্মার্ট কারটির বিশেষত্ব হলো এটি চালক ছাড়া একাই চলতে পারে। সেন্সর থাকায় সামনে নির্দিষ্ট দূরত্বে কোনো বাধা শনাক্ত করলেই স্বয়ংক্রিয়ভাবে গাড়িটি থেমে যায়। এছাড়া এটি সড়কের ট্রাফিক সিগন্যালও নিজেই শনাক্ত করতে সক্ষম। সিগন্যালে লাল বাতি দেখলে গাড়িটি নিজে থেকেই থেমে যায়, আবার সবুজ সিগন্যাল পেলে চলতে শুরু করে।
তরুণ উদ্ভাবক রোয়ানুর রহমান রেজিম জানান, ইউটিউবে চীনের আধুনিক প্রযুক্তি দেখে অনুপ্রাণিত হয়েই তিনি এই উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে তার।
সংশ্লিষ্টরা জানান, বিজ্ঞানমেলায় রেজিমের উদ্ভাবনী কারটি ব্যাপক সাড়া ফেলে এবং অনেকেই মুগ্ধ হন।
ফুলবাড়ী ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আসাদুজ্জামান আজাদ বলেন, সে আমাদের কলেজের একজন শিক্ষার্থী। বিজ্ঞান মেলায় প্রদর্শনের জন্য এই উদ্ভাবনী প্রজেক্টটি তৈরি করতে চায়। বিষয়টি জানার পর আমি তাকে উৎসাহ দিই। চালক ছাড়াই গাড়ি চলবে এটা অনেককে অবাক করেছে।
তিনি আরও জানান, এটি একটি ব্যয়বহুল প্রজেক্ট। সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া গেলে এর বাণিজ্যিক সফলতা আসতে পারে এবং দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে।
প্রতিনিধি/এজে