জেলা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম
ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে শৈলকুপা পৌরসভার খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকার রিপন হোসেন একই গ্রামের শাহজাহানের দোকানে চা খেতে যান। আগের পাওনা টাকা পরিশোধ না করায় শাহজাহান বাকিতে চা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ জানান, সংঘর্ষের ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ‘বাকিতে চা বিক্রি না করা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।’
প্রতিনিধি/একেবি