জেলা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈকত মোল্লা (২৮) স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তরুণ এই নেতার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌসিফুর রহমান রাফা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সৈকত হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের বরাত দিয়ে তৌসিফুর জানান, সৈকত মোল্লা স্ট্রোক করেছিলেন।
মোহাম্মদ সৈকত মোল্লা উপজেলার কালিশুরী ইউনিয়নের বাসিন্দা লাল মোহাম্মদ লালু মোল্লার ছেলে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে গঠিত বাউফল উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
সৈকত মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার। এছাড়া যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এই অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।
প্রতিনিধি/একেবি