images

সারাদেশ

মহেশপুর সীমান্তে ইছামতী নদী থেকে ফের অজ্ঞাত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ইছামতী নদী থেকে আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, নদীর কচুরিপানার নিচে মরদেহটি পচে ফুলে উঠেছিল। 

গত সোমবার একই স্থান থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। মাত্র তিন দিনের ব্যবধানে দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা নদীতে দুর্গন্ধ পেয়ে পুলিশ ও বিজিবিকে খবর দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উৎকট গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা কচুরিপানায় ঢাকা অবস্থায় মরদেহটি দেখতে পান। মরদেহটি সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ১০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাসমান অবস্থায় ছিল। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, অজ্ঞাত মরদেহটি বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে ইছামতী নদীতে কচুরিপানার নিচে উপুড় হয়ে ভাসছিল। ধারণা করা হচ্ছে, এটি তিন-চার দিন আগের পুরোনো মরদেহ। 

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে গত সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে একই এলাকায় ইছামতী নদীর পাড় থেকে অপর এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল। বিজিবির একটি টহল দল সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ৫০ মিটার অভ্যন্তরে মরদেহটি পড়ে থাকতে দেখেছিল।

প্রতিনিধি/একেবি