images

সারাদেশ

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৪ হাজার লিটার জ্বালানি

জেলা প্রতিনিধি

১৬ এপ্রিল ২০২৬, ০৭:২০ এএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘পাম্পে তেল নেই’ স্টিকার ঝুলিয়ে তেল বিক্রয় বন্ধ রাখে। পরে ওই পাম্পে অভিযান চালিয়ে অবৈধভাবে প্রায় ৪ হাজার লিটার জ্বালানি তেল মজুতের অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুরে অবস্থিত ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান ফিলিং স্টেশনটিতে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রল, ৫৭৭ লিটার ডিজেল এবং ১৪৬ লিটার অকটেন মজুত রয়েছে।

মজুত থাকা সত্ত্বেও পণ্য (পেট্রল, ডিজেল, অকটেন) বিক্রয় না করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারা অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মজুত থাকা জ্বালানি বিক্রয়ের কার্যক্রম শুরু করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ একই অপরাধে একই ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

প্রতিনিধি/ এজে