জেলা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ এএম
দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও চার্জার ভ্যানের সংঘর্ষে নব মুসলিম জোবায়ের (৫২) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার জয়নগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের বিরামপুর উপজেলার বাসিন্দা ও রাম হেমরমের পুত্র। আহত ব্যক্তি একই এলাকার সিমন সরেনের পুত্র ফেলবানু সরেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ জানান, রাত আনুমানিক ৮টার দিকে দিনাজপুর থেকে ফেনীগামী ‘আহাদ এন্টারপ্রাইজ’ নামের একটি নৈশ কোচের সঙ্গে বিরামপুর থেকে আসা একটি চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নব মুসলিম জোবায়ের নিহত হন এবং আরও একজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/ এজে