images

সারাদেশ

মাগুরায় মোবাইল নিয়ে বিরোধে হত্যা করা হয় সুমনকে

জেলা প্রতিনিধি

১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম

মাগুরা পৌরসভার মীরপাড়া এলাকায় আয়নাল মোল্যার মাছের ঘের সংলগ্ন কলাবাগান থেকে সুমন মোল্যা (১৬) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ মূল আসামিসহ ৬ জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বুধবার (১৫ এপ্রিল) জেলা পুলিশের কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনের জানান, কিশোর সুমন হত্যার ঘটনায় পুলিশের গোয়েন্দা টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আসামিদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- মূল আসামি তরিকুল ইসলাম (২৬), মিহাজ হোসেন (২৪), জুয়েল হোসেন (২৩), শাকিব শেখ (১৯) এবং হৃদয় হোসেনসহ (২৮) আরও একজন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোবাইল ফোন সংক্রান্ত বিরোধের জেরে সুমন মোল্যার সাথে আসামিদের বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে সুমনের মাথায় আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে একটি গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এতে তার মৃত্যু নিশ্চিত হলে আসামিরা গলার শ্বাসনালি কেটে দেয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল (শুক্রবার) বিকেল ৫টা ৪৫ মিনিটে মাগুরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মীরপাড়া (মাঠপাড়া) এলাকার একটি কলাবাগান থেকে সুমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় আয়নাল মোল্লার মাছের ঘেরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামান ঢাকা মেইলকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত অব্যাহত আছে।

প্রতিনিধি/এসএস