images

সারাদেশ

রাজশাহীতে শিশু আদিবের খুনিদের গ্রেফতারের দাবি

জেলা প্রতিনিধি

১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম

রাজশাহীর পবায় ১১ বছর বয়সী শিশু আদিব আহনাবকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিলধরমপুর ও কর্ণহারসহ পবার নাগরিকরা এই কর্মসূচির আয়োজন করেন।

0cfcfa56-d84b-43ba-9f8b-c2d7ce093cc4

মানববন্ধনে নিহত শিশুর বাবা মুস্তাফিজুর রহমান রানা জানান, গত ১ মার্চ তারাবির নামাজ পড়তে গিয়ে আদিব নিখোঁজ হয় এবং পরদিন বাড়ির পাশের ঘাসখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি অভিযোগ করেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। উল্টো পুলিশ মাদকসহ অন্যান্য অপরাধ দমনের অজুহাত দেখিয়ে এই হত্যা মামলার তদন্তে অবহেলা করছে বলে তিনি হতাশা প্রকাশ করেন। দীর্ঘ সময় পার হলেও পুলিশ প্রকৃত আসামিদের শনাক্ত করতে না পারায় মানববন্ধনে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একটি নিষ্পাপ শিশুর এমন নির্মম হত্যাকাণ্ডের পর অবিলম্বে কার্যকর তদন্ত জোরদার করে অপরাধীদের গ্রেফতার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- নিহত শিশুর মামা মুকসেদ আলী, রুবেল হোসেন এবং স্থানীয় বাসিন্দা আলী, শাকিল, কামরুজ্জামান, রাশেদুল ও তুহিনসহ পবার বিলধরমপুর এলাকাবাসী।

প্রতিনিধি/এসএস