জেলা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পিএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অপারেশন পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ টিম ফাতেমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে।
অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কাগজপত্র ছাড়াই এক ব্যক্তিকে রক্ত দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, চলতি মাসের ৭ ও ১৩ এপ্রিল আলমডাঙ্গা থানা রোডে অবস্থিত ওই ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় লাবনী আক্তার ও পারুলা নামে দুই নারীর মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, অপারেশনের পর সৃষ্ট জটিলতার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

অভিযানে স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান এবং প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল শফিউল্লাহ নেতৃত্ব দেন। এ সময় র্যাব ও পুলিশের একটি টিমও অভিযানে সহযোগিতা করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস