images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম

হামের বিভিন্ন উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে হাসপাতালের ‘হাম আইসোলেশন কর্নারে’ শিশুটি মারা যায়। মৃত্যুর মাত্র আধা ঘণ্টা আগে দেড় বছর বয়সী ওই শিশুকে হাসপাতালে ভর্তি করেছিলেন তার স্বজনরা। মৃত শিশু লামিয়া খাতুন শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মো. রনির মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে শিশুটিকে জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত হাম আইসোলেশন কর্নারে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার্ড) পরামর্শ দেন। কিন্তু স্থানান্তরের প্রক্রিয়া চলাকালীন হাসপাতালেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, শিশুটির শরীরে জ্বর ও তীব্র শ্বাসকষ্ট ছাড়াও হামের স্পষ্ট উপসর্গ হিসেবে বিভিন্ন স্থানে লালচে দাগ ছিল।

চলতি বছরের জানুয়ারি থেকে বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ৭০২ জন রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালের আইসোলেশন কর্নারে নতুন করে ভর্তি হয়েছেন ৩৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। বর্তমানে হাসপাতালটিতে ১০৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান জানান ‘সম্প্রতি হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। চাপ সামাল দিতে আমরা হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছি। চিকিৎসক ও নার্স সংকট থাকা সত্ত্বেও বিকল্প উপায়ে জনবল নিয়োগ দিয়ে আমরা নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। এছাড়া জেলাজুড়ে বিশেষ টিকাদান কর্মসূচি চলমান রয়েছে।’

গত ৪ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের একটি পৌরসভা ও তিনটি উপজেলাকে হামের ‘হটস্পট’ ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। পরদিন ৫ এপ্রিল থেকে এসব এলাকায় একযোগে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়। সিভিল সার্জন একেএম শাহাব উদ্দিন জানান, এই কার্যক্রমের আওতায় জেলায় মোট ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতিনিধি/একেবি