জেলা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম
পহেলা বৈশাখকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এরই অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিনজন সশস্ত্র মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর রাতে টেকনাফ মডেল থানার আওতাধীন হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। র্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্র জানায়, পহেলা বৈশাখের ছুটিকে কাজে লাগিয়ে একটি বড় মাদকের চালান হাতবদলের উদ্দেশে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক৷
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন— কাঞ্জরপাড়া এলাকার মো. রাশেদ (রাসেল) (২৫), মো. সোহেল উদ্দিন (লালু) (২৩) এবং এহসান উল্লাহ (২৫)।
এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ৮ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি বড় রামদা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা সীমান্ত এলাকা দিয়ে আসা মাদকের চালানের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র পাহারাদার হিসেবে কাজ করত। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধার করা আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধি/এসএস