images

সারাদেশ

চবিতে বৈশাখী অনুষ্ঠানে মোবাইল চোর সন্দেহে আটক ১

জেলা প্রতিনিধি

১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পহেলা বৈশাখের অনুষ্ঠানে মোবাইল ফোন চোর সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে জারুলতলার সামনে শিক্ষার্থীরা তাকে প্রথমে আটক করে।

এরপর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্রের সমঝোতায় শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেওয়া হয় তাকে।

আটক ব্যক্তি নিজেকে মোহাম্মদ ফারুক বলে পরিচয় দিয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায়।

আরও পড়ুন

যারা মাঠে থেকে আন্দোলন করেনি, তাদের ২৪ এর সংগ্রাম বোঝাটা মুশকিল: হেলাল

এসময় চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব উত্তপ্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা আইন নিজের হাতে তুলে নেব না। আমার ফোনও আজকে চোরে নিয়েছে। আরও চার-পাঁচটা ফোন চুরি হয়েছে আজকে। আমরা তাকে প্রশাসনের হাতে তুলে দেব।

CU_thef

বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দফতরের সুপারভাইজার শাহেদুল ইসলাম বলেন, ওই ব্যক্তি এখনও বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দফতরের হেফাজতে আছেন। তার বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি।

প্রতিনিধি/এসএস