জেলা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরের ধানখেতে পাওয়া গলিত লাশের পরিচয় পাওয়া গেছে।
তিনি হলেন- উপজেলার বরান্তর গ্রামের মুক্তু মিয়া (৬৫)। গত ৫-৬ দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।
তবে মৃত্যুর কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।
এর আগে গতকাল সোমবার বিকেলে উপজেলার বরান্তর গ্রামের ধলি হাওরের ধানখেতে গলিত অবস্থায় এক ব্যক্তির গলিত লাশ দেখতে পান কৃষকরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে আজ সকালে পরনের কাপড়চোপড় দেখে পরিবারের লোকজন এটি মুক্তি মিয়ার লাশ বলে শনাক্ত করেন। তিনি গত ৫-৬ দিন ধরে নিখোঁজ ছিলেন। যে জায়গায় মুক্তু মিয়ার লাশ পাওয়া গেছে এটিও তার নিজের জায়গা বলে জানা গেছে। তবে নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আশরাফ চৌধুরী সোহেল বলেন, মুক্তু মিয়া অসুস্থ ছিলেন, একবার স্ট্রোকও করেছিলেন। হয়ত ধানখেত দেখতে গিয়ে সেখানে স্ট্রোকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। তিনি মোবাইলফোন ব্যবহার করতেন না। তাই তাকে খুঁজে পাওয়াও কঠিন ছিল। পরিবারের লোকজন তাকে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করছিল।
পরিবারের বরাত দিয়ে ওসি হাফিজুল ইসলাম বলেন, লাশের পরনের জামা কাপড় দেখে পরিবারের লোকজন লাশটি মুক্তু মিয়ার বলে শনাক্ত করেছেন। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রতিনিধি/এসএস