images

সারাদেশ

হাতিয়ায় সড়কের কাজে ব্যবহৃত হটমিক্সপ্লান্টে অগ্নিকাণ্ড

উপজেলা প্রতিনিধি

১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রধান সড়কের কার্পেটিংয়ের কাজে ব্যবহৃত হটমিক্সপ্লান্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

মঙ্গলবার(১৪ এপ্রিল) দুপুরে উপজেলার ব্রিকফিল্ড বাজার সংলগ্নে বসানো হটমিক্সপ্লান্টে এ আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান সড়কের কার্পেটিং করার জন্য পাথর-বিটুমিন মিক্সের কাজে মেশিনটি এ স্থানে বসানো হয়। শুরু থেকে কোনো সমস্যা হয়নি। কাজও এখন প্রায় শেষ প্রান্তে। আজ ১২টার দিকে মেশিনটিতে হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।

ঘটনার বিষয়ে ঠিকাদার আবু নাছের জানান, হটমিক্সপ্লান্টের নিচে দুটি গ্রিনওয়েল ড্রাম থাকে। হিট বেশি হওয়ায় ড্রাম দুটিতে আগুন ধরে যায়।

আরও পড়ুন

কুমিল্লায় নিহত ৭ জনের মরদেহ বাড়িতে পৌঁছে দেবে জামায়াত

তিনি জানান, ১১ কিলোমিটার কাজের মধ্যে কাজের বাকি আর মাত্র আধা কিলোমিটার রয়েছে। একটি মেশিন নষ্ট হয়ে গেলেও আরেকটি সচল রয়েছে। এ ঘটনায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সড়ক ও জনপদ বিভাগের হাতিয়া উপজেলার উপসহকারী প্রকৌশলী মো. সুমন জানান, নলচিরা ঘাট থেকে ফায়ারসার্ভিস স্টেশন পর্যন্ত প্রথম অংশের কাজ প্রায় শেষ প্রান্তে। দুর্ঘটনাবশত আগুন লেগে হটমিক্সপ্লান্ট একটি নষ্ট হলেও অপরটি চলমান আছে। এতে কাজের ক্ষতি হবে না।

প্রতিনিধি/এসএস