Dhaka Mail Logo

সারাদেশ

সুস্থ সংস্কৃতির ধারা ফেরাতে কাজ করছে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি

১৪ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম

বাংলাদেশের সাহিত্য, সভ্যতা ও সংস্কৃতিতে একটি নতুন ও উজ্জ্বল দিগন্তের সূচনা হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেছেন, বর্তমানের ‘অসুস্থ’ সাংস্কৃতিক ধারা থেকে বেরিয়ে এসে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সভ্যতাকে পুনরায় সুস্থ ও সাবলীল ধারায় ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী শহরের আজাদী ময়দানের মুক্তমঞ্চে বৈশাখ উদযাপন পর্ষদ আয়োজিত এক বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তার বক্তব্যে দেশজুড়ে সাংস্কৃতিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় সারা দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সক্রিয় করে তোলার জন্য কাজ করছে। বাঙালির সংস্কৃতিকে সুস্থ ও সাবলীল ধারায় ফিরিয়ে আনতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’

তিনি আরও ঘোষণা দেন যে, আগামী বছর আরও ব্যাপক পরিসরে ভিন্ন আঙ্গিকে পহেলা বৈশাখ উদযাপন করা হবে এবং রাজবাড়ীতে বছরব্যাপী সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে।

এবারের আয়োজনটি রাজবাড়ীর ৪২টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় বৃহৎ পরিসরে আয়োজিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং পরে নববর্ষের ঐতিহ্যবাহী গানের মধ্য দিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দিনব্যাপী এই আয়োজনে ছিল সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যনাট্য এবং আদিবাসী সংস্কৃতি বিষয়ক বিশেষ পরিবেশনা।

রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনের এই সংসদ সদস্য সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, যা স্থানীয় সংস্কৃতি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

প্রতিনিধি/একেবি