images

সারাদেশ

নওগাঁয় বর্ণিল আয়োজনে বর্ষবরণ

জেলা প্রতিনিধি

১৪ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে। আনন্দ-উচ্ছ্বাসে জেলাজুড়ে চলছে বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের এটিম মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি শুরু হওয়ার আগে সকাল থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ গ্রামবাংলার নানা ঐতিহ্যবাহী অনুষঙ্গ নিয়ে শহরের এটিম মাঠে জড়ো হতে থাকেন। রঙিন পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণটি। শোভাযাত্রায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি, মাটির তৈরি বাসনপত্রসহ বিভিন্ন রঙের বেলুন ও ফেস্টুন এক বর্ণিল আবহ তৈরি করে।

শোভাযাত্রা শেষে বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ চত্বরে নববর্ষের গান, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ ছাড়া দিনব্যাপী সেখানে একটি লোকজ মেলারও আয়োজন করা হয়েছে।

প্রতিনিধি/একেবি