images

সারাদেশ

চা বাগান থেকে উদ্ধার ২ কিং কোবরা অবমুক্ত বনে

জেলা প্রতিনিধি

১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ এএম

চুনারুঘাট উপজেলার একটি চা বাগান থেকে উদ্ধার করা দুটি বিশাল আকৃতির কিং কোবরা (শঙ্খচূড়) সাপ কালেঙ্গা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বন বিভাগের কালেঙ্গা বিট কার্যালয়ের কর্মকর্তা আল আমিনের উপস্থিতিতে সাপ দুটি বনে ছেড়ে দেওয়া হয়।

একই দিন উপজেলার শ্রীবাড়ি চা বাগান থেকে প্রায় ১৫ ফুট ও ৮ ফুট দৈর্ঘ্যের সাপ দুটি ধরেন বশির সরকার নামে স্থানীয় এক প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি। পরে তিনি সাপ দুটি কালেঙ্গা রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

বিট কর্মকর্তা আল আমিন জানান, উদ্ধার করা সাপগুলোর মধ্যে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্য ও ১৫ কেজি ওজনেরটি স্ত্রী এবং ৮ ফুট দৈর্ঘ্য ও প্রায় ৮ কেজি ওজনেরটি পুরুষ কিং কোবরা। সাপ দুটি সুস্থ ছিল।
এগুলো সাধারণত পাহাড়ি বনাঞ্চলে বসবাস করে।

তিনি বলেন, বন উজাড়ের কারণে এসব সাপ লোকালয়ে চলে আসছে, যা পরিবেশের জন্য সতর্কবার্তা।

স্ত্রী সাপটি চা বাগান এলাকায় পাওয়া যাওয়ায় আশপাশে আরও সাপ থাকার আশঙ্কায় স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ সোসাইটি (ডব্লিউসিএস) বাংলাদেশের বন্যপ্রাণী অপরাধ দমন কর্মসূচির সমন্বয়কারী সামিউল মোহসেনিন বলেন, কিং কোবরা বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ। সাধারণত ৩ থেকে ৪ মিটার দীর্ঘ হলেও সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় ৫.৮৫ মিটার পর্যন্ত হতে পারে। ভারী দেহ ও বিষাক্ত হলেও এরা সাধারণত মানুষের ওপর আক্রমণ করে না; তবে কোণঠাসা হলে আত্মরক্ষার্থে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।
 
কালো, বাদামি বা ধূসর বর্ণের এ সাপ মূলত অন্যান্য সাপ খেয়ে বেঁচে থাকে। এ ছাড়া ইঁদুর ও টিকটিকিও শিকার করে। এটি একমাত্র সাপ, যা মাটিতে বাসা তৈরি করে ডিম দেয় এবং স্ত্রী সাপ নিজে তা পাহারা দেয়।

২০১০ সাল থেকে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় কিং কোবরা ‘ঝুঁকিপূর্ণ’ প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত। পরিবেশবাদীদের মতে, বন ধ্বংস ও জীববৈচিত্র্য হ্রাস অব্যাহত থাকলে এ প্রজাতি আরও বিপন্ন হয়ে পড়তে পারে।

প্রতিনিধি/ এজে