জেলা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে অবস্থিত ছয়টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান।
জানা যায়, ইট পোড়ানোর কাজে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার এবং প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই ইটভাটা স্থাপনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ ব্যবস্থা গ্রহণ করে। অভিযানে কে বি আই, এন বি আই ও আলামিন ব্রিকস নামের তিনটি প্রতিষ্ঠানের মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে তিন লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদফতরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস