উপজেলা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে জানালার গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ এপ্রিল) ভোরে ফতুল্লার নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, ভোরে সবাই যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন ৫-৬ জনের একটি ডাকাত দল রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে সবার চোখ ও হাত বেঁধে ফেলে। এরপর তারা আলমারি ভেঙে নগদ দুই লাখ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/একেবি