জেলা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ০২:১৯ পিএম
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে কালু বড়ুয়া (৬৫) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বিহারের জন্য ফুল তুলতে বাড়ির বাইরে বের হন কালু বড়ুয়া। এ সময় অভিযুক্ত টাম্বু বড়ুয়া (প্রকাশ টাবু) ধারালো দা নিয়ে এলাকায় ভাঙচুর চালাচ্ছিলেন। ঘটনাস্থলে গিয়ে কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে কালু বড়ুয়ার ওপর হামলা চালান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তাকে কুপিয়ে জখম করার পর গলায় দা চালিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত টাম্বু বড়ুয়া আত্মসমর্পণ করেন। তবে স্থানীয়দের দাবি, তার হাতে থাকা অস্ত্রটি হত্যাকাণ্ডে ব্যবহৃত নয়, অন্য কোনো অস্ত্র ব্যবহারের সন্দেহ রয়েছে।
নিহতের ছেলে অসিম বড়ুয়া জানান, এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। তাদের দাবি, পূর্ব কোনো বিরোধ না থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
এদিকে, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাংবাদিক উচ্ছ্বাস বড়ুয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি জানান, ভিডিও ধারণ করতে গেলে প্রান্ত বড়ুয়া ও বাদল বড়ুয়া তাকে মারধর করে মোবাইল ফোন কেড়ে নিয়ে ফুটেজ মুছে ফেলতে বাধ্য করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
আরও পড়ুন
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তের পাশাপাশি আরও কয়েকজন এ ঘটনায় জড়িত থাকতে পারেন। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকলকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকের ওপর হামলার ঘটনাটিও তদন্তের দাবি উঠেছে।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, অভিযুক্ত টাম্বু বড়ুয়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।
প্রতিনিধি/টিবি