images

সারাদেশ

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২৬, ১২:১৪ পিএম

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মো. রিপন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা ২০ মিনিটের দিকে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশালগামী সড়কে এ অভিযান পরিচালিত হয়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মো. রিপন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মো. রিপনকে তল্লাশি করে তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বরগুনা থানায় মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি