images

সারাদেশ

বরগুনা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য অধিকার যুব ফোরামের পরামর্শ কেন্দ্র

জেলা প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২৬, ০৮:০১ এএম

বরগুনা জেনারেল হাসপাতালে রোগী ও স্বজনদের সহায়তা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে একটি পরামর্শ কেন্দ্র চালু করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক মনির হোসেন কামাল।

বাংলাদেশ হেলথওয়াচ ও জাগো নারীর সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং স্বাস্থ্য অধিকার যুব ফোরামের যৌথ ব্যবস্থাপনায় এ পরামর্শ কেন্দ্র পরিচালিত হবে।

উদ্যোগের অংশ হিসেবে স্বাস্থ্য অধিকার যুব ফোরামের ১০ জন স্বেচ্ছাসেবক প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালের নিচতলায় এবং কয়েকজন হাম ওয়ার্ডের সামনে অবস্থান করে রোগী ও স্বজনদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

স্বেচ্ছাসেবকরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কী ধরনের সেবা পাওয়া যায় সে বিষয়ে তথ্য প্রদান করবেন। পাশাপাশি প্রয়োজন হলে রোগীদের চলাফেরা ও ভর্তি সংক্রান্ত সহযোগিতাও করবেন।

এছাড়া হাম সংক্রমণ প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিয়ে হাম ওয়ার্ডে মাস্ক ছাড়া প্রবেশ বন্ধে তদারকি করা হবে। প্রয়োজনে ফোরামের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।

এ সময় জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম বলেন, এ উদ্যোগের মাধ্যমে হাসপাতালের সেবার মান, শৃঙ্খলা ও পরিবেশ উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। এবং আমরা সবসময় পাশে থাকবো।

এআরএম