জেলা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ এএম
ভোক্তা অধিকার সুরক্ষায় নোয়াখালী জেলায় নিয়মিত কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সচেতন ভোক্তা সমাজ বা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)।
রোববার নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সিসিএস নোয়াখালী জেলার কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ওমর ফারুক খালেদ-এর সভাপতিত্বে ও মাসুদ পারভেজ-এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলার কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল। এছাড়াও সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা নোয়াখালী জেলার বাজার পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ সময় নোয়াখালীতে নিয়মিত কর্মকর্তা না থাকার সুযোগে বাজার সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে, যার ফলে সাধারণ ভোক্তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মানববন্ধন থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর পূর্ণাঙ্গ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে দ্রুত স্থায়ী কর্মকর্তা নিয়োগের দাবি জানানো হয়।
এ দিকে লক্ষ্মীপুর জেলার কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল বলেন, নিত্যপণ্যের অতিরিক্ত মূল্য আদায় এবং ভেজাল পণ্যের বিস্তারের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন। কার্যকর নজরদারির অভাবে এই অনিয়ম দিন দিন বাড়ছে।
বক্তারা অভিযোগ গ্রহণ, শুনানি কার্যক্রম এবং বাজার মনিটরিং আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের তাগিদ দেন।
বক্তারা জানান, নিয়মিত তদারকির অভাবে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে মানববন্ধনে উপস্থিত সাধারণ ভোক্তারা বাণিজ্য মন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে সিসিএস-এর পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্য মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এআরএম