images

সারাদেশ

বেরোবিতে চার দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি

১২ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে “শহীদ আবু সাঈদ বইমেলার” উদ্বোধন হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়বারে মতো স্বাধীনতা স্মারক মাঠে চার দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে মেলা প্রাঙ্গণে উদ্বোধনী আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শহীদ আবু সাঈদের অসামান্য অবদানকে স্মরণ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে। বইমেলায় লেখক-পাঠক-দর্শনার্থীর প্রতিদিনের পদচারণা হবে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন

রায়ে অসন্তোষ, সব আসামির ফাঁসি চান আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদ বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান। বই মেলায় আবু সাঈদ কর্নারসহ মোট ৩৫টি প্রকাশনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নিয়েছে। চার দিনব্যাপী এই বইমেলা আগামী ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন দুপুর দেড়টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা চালু থাকবে। তবে পহেলা বৈশাখ উপলক্ষ্যে ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।

প্রতিনিধি/এসএস