জেলা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে তিন দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা শহরের জগৎ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন জানান, জেলা শহরের জগৎ বাজারে অবৈধভাবে ভোজ্য তেল মজুত ও অতিরিক্ত দামে তেল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ভোজ্য তেল বিক্রির দোকানে যথাযথ লাইসেন্স না থাকা, লাইসেন্সের মেয়াদ না থাকা, ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ের দৈনন্দিন রেজিস্টার না মেনে ক্রয়-বিক্রয় করায় ও মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ৩ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় তাদের লাইসেন্স নবায়ন করার জন্য ও ক্রয়-বিক্রয়ের রেজিস্টার বজায় রেখে ক্রয়-বিক্রয় করার জন্য বলা হয়। অভিযানে র্যাব ও সেনাবাহিনীর দুইটি টিম উপস্থিত ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস