images

সারাদেশ

সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটতে গিয়ে মাটি চাপা পড়ে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি

১২ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পিএম

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরমান মিয়া উপজেলার শালীয়ানী গ্রামের চানপর মিয়ার একমাত্র ছেলে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মধ্যনগর উপজেলার রুপেশ্বর হাওরের বিস্তীর্ণ জমিতে পানি আটকে পড়ে। জমে থাকা পানি নিষ্কাশনের জন্য গত শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কেটে দেন।

sunamgonj

কিন্তু বাঁধ কাটার পর পানি বের হওয়ার একপর্যায়ে কাটা অংশের পাড় ধসে পড়ে এবং পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। পরে ধসে পড়া অংশের মাটি সরাতে রোববার সকালে শালীয়ানী গ্রামের কয়েকজন কৃষক সেখানে কাজ করতে যান।

আরও পড়ুন

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

দুপুরের দিকে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে হঠাৎ আবারও বাঁধের পাড় ধসে পড়ে। এ সময় অন্যরা দ্রুত সরে যেতে সক্ষম হলেও আরমান মিয়া মাটির নিচে চাপা পড়ে যান। পরে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা শ্রমিকরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন।

গুরুতর অবস্থায় তাকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, বাঁধে মাটি চাপায় এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি, যা অত্যন্ত দুঃখজনক। তবে বাঁধ কাটার বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি ছিল না। আমাদেরকে না জানিয়ে স্থানীয় লোকজন নিজেরাই বাঁধ কেটে দিয়েছেন।

প্রতিনিধি/এসএস