জেলা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৬, ০১:২৮ পিএম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাম রোগে আক্রান্ত হয়ে মালিহা বিনতে মাহফুজ (১৭ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মালিহা উপজেলার বাঙালা ইউনিয়নের ভয়নগর গ্রামের মুকুট ইসলামের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ দিন আগে ঠান্ডা, কাঁশি ও জ্বর নিয়ে মালিহাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তার শরীরে হাম রোগ শনাক্ত করেন। এরপর থেকে সিসিইউতে চিকিৎসাধীন ছিল শিশুটি। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে মারা যায় মালিহা।
নিহতের ফুপি উল্লাপাড়া উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি জানান, মালিহা তার বড় ভাইয়ের মেয়ে। হাম আক্রান্ত হওয়ার পর চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
প্রতিনিধি/টিবি