images

সারাদেশ

‘দিনাজপুর টেক্সটাইল মিল পিপিপি পদ্ধতিতে চালুর প্রক্রিয়া শুরু’

জেলা প্রতিনিধি

১২ এপ্রিল ২০২৬, ১১:২৯ এএম

দিনাজপুর টেক্সটাইল মিল পিপিপি পদ্ধতিতে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

রোববা‌র (১২ এপ্রিল) সকালে দিনাজপুর টেক্সটাইল মিলস্ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তি‌নি ব‌লেন, দিনাজপুরের মানুষের জন্য একসময় গর্বের প্রতীক ছিল দিনাজপুর টেক্সটাইল মিল। দীর্ঘদিন ধরে এটি বন্ধ আছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনী ইশতেহারে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

42ce9855-633f-4b62-8827-600d80fd9cf3

প্রতিমন্ত্রী বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ যেসব প্রতিষ্ঠান বন্ধ অবস্থায় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জুট মিল ও টেক্সটাইল মিলে অনেক জমি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে। আমরা এগুলো প্রাইভেট সেক্ট‌র বা দেশি-বিদেশি ইনভেস্টর দিয়ে পুনরায় চালুর চিন্তা ভাবনা করছি। এটা আমাদের নির্বাচনি ইশতেহারেও ছিল। সে ল‌ক্ষ্য নিয়ে দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শনে এসেছি।

 

তিনি আরও বলেন, মিলটি পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) পদ্ধতিতে বিনিয়োগের মাধ্যমে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত সময়ে দিনাজপুর টেক্সটাইল মিল আবারও কর্মচাঞ্চল্য ফিরে পাবে এবং এতে স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রতিনিধি/টিবি