images

সারাদেশ

মুখোশ পরে এসে তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

১২ এপ্রিল ২০২৬, ০৯:৪১ এএম

খুলনা মহানগরীর খালিশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে।

খালিশপুর থানার ডিউটি অফিসার ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নাম সোনামিয়া (৩৮)। তিনি স্থানীয় নয়াবাটি এলাকার বাসিন্দা এবং খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনামিয়া তার নিজস্ব চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত এসে দোকানের ভেতরে ঢোকে। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি বাসায় আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে গিয়েও তাকে পুনরায় আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খালিশপুরের একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, হামলাকারীদের মধ্যে দুইজন মুখোশ পরিহিত এবং একজন হেলমেট পরা ছিল। তারা ধারালো অস্ত্র ব্যবহার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুদর্শন কুমার রায় জানান, হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

প্রতিনিধি/টিবি