জেলা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৬, ১২:১৩ এএম
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই বীমা প্রতিষ্ঠানের গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌশতপুর গ্রামের বাসিন্দা আহমদ আলী ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি এবং মোলদ হোসেন প্রগতি লাইফ ইনস্যুরেন্সে কর্মরত। গ্রাহক বৃদ্ধি ও সুযোগ-সুবিধা নিয়ে তাদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। তা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিঞা বলেন, ‘দুই বীমা কোম্পানির গ্রাহক সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
প্রতিনিধি/ এজে