images

সারাদেশ

জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

১১ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

ফেনীতে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ডালিমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকায় ডালিমের বোনের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দেলোয়ার হোসেন ডালিম ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলার কালিদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি ফেনীর আলোচিত রাজনীতিক নিজাম উদ্দীন হাজারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা ৬টি মামলায় ডালিমকে আসামি করা হয়েছে। এছাড়া ফেনী মডেল থানায় তার বিরুদ্ধে আরও ৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

তবে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ডালিমের বিরুদ্ধে মোট মামলার সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করতে পারেননি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে।

প্রতিনিধি/ এজে