images

সারাদেশ

চট্টগ্রামে বিপণি বিতানে আগুন

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল ২০২৬, ১১:৩৫ এএম

চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেটে একটি বিপণি বিতানে আগুন লেগেছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে চিটাগং শপিং কমপ্লেক্সের নিচতলার দোকানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি সংস্থাটি।

স্থানীয়দের ধারণা, চিটাগং শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের আগুনের সূত্রপাত নিয়ে কোনো তথ্য জানায়নি। 

মার্কেটের ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তাদের ভাষ্য, হঠাৎ করে বিদ্যুতের লাইনে স্পার্ক দেখা দিলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। শনিবারে মার্কেট বন্ধ থাকায় ভেতরে লোকজন ছিল না। অতিরিক্ত ধোঁয়া জমে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলেও জানান তারা।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন বলেন, বিপণি বিতানটির অবস্থান ও অভ্যন্তরীণ কাঠামোর কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। মার্কেটের ভেতরের জায়গা তুলনামূলকভাবে সংকীর্ণ হওয়ায় ইউনিটগুলোকে সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আগুন অন্য দোকান বা ফ্লোরে ছড়িয়ে না পড়ে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। অগ্নিকাণ্ডের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানিরা দ্রুত তাদের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং অনেকে ধোঁয়া থেকে রক্ষা পেতে দোকান ছেড়ে বাইরে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশপাশের লোকজনকেও নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিনিধি/টিবি