images

সারাদেশ

ধানক্ষেতে মিলল নারীর লাশ, দ্বিতীয় স্বামী পলাতক

জেলা প্রতিনিধি

১১ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ এএম

জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেত থেকে রাশেদা বেগম ওরফে আশুড়া (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাট সংলগ্ন সোতার আদর্শ গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের দ্বিতীয় স্বামী পলাতক রয়েছেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।

রাশেদা বেগম উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সোতার আদর্শ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে রাশেদা বেগমের প্রথম স্বামী মোজাফ্ফর হোসেন মারা যান। এরপর মুনঝার এলাকার বাবলু মিয়া নামে এক ব্যক্তিকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। আজ রাতে বিলের ঘাট সংলগ্ন আদর্শ গ্রামের (গুচ্ছগ্রাম) পাশের একটি ধানক্ষেতে রাশেদার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনার পর থেকে তার দ্বিতীয় স্বামী বাবলু মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

 

ক্ষেতলাল থানার ওসি মোখলেছুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত চলছে।

প্রতিনিধি/টিবি