জেলা প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৬, ১০:০৮ এএম
এপ্রিল মাস শুরু হলেও দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভোর থেকে নেমে আসে অপ্রত্যাশিত ঘন কুয়াশা, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক বিস্ময় সৃষ্টি করেছে। সকাল সকাল শীতের হিমেল পরম আর দিন বাড়ার সাথে সাথে গরম অনুভূতি মিলছে।
শুক্রবার (১০ এপ্রিল) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা কুয়াশার চাদরে ঢাকা ছিল।
হঠাৎ এ আবহাওয়াগত পরিবর্তনে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা ও চলাচলে সাময়িক প্রভাব পড়েছে।

এদিকে, কুয়াশার কারণে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। কুয়াশায় ঢেকে যায় রাস্তা-ঘাট, ফসলি জমি, গাছপালা। এমনকি ঘাসের ডগায় শীত মৌসুমের মতো শিশিরবিন্দুও লক্ষ্য করা গেছে।
স্থানীয় বাসিন্দা নুরে আলম সিদ্দিকী জানান, মার্চের মাঝামাঝি থেকে তাপমাত্রা বাড়ছিল এবং শীতের প্রভাব প্রায় শেষ হয়ে গিয়েছিল। তবে হঠাৎ ভোরের কুয়াশায় আবারও শীতের অনুভূতি ফিরে এসেছে।
ভ্যানচালক রবিউল ইসলাম বলেন, এপ্রিল মাসে এমন কুয়াশা আগে দেখিনি। ভোরে বের হয়ে মনে হচ্ছিল শীতকাল ফিরে এসেছে। রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছিল না।
পাথর শ্রমিক আবু জাফর জানান, ঘুম থেকে উঠে চারদিকে ঘন কুয়াশা দেখে অবাক হন তিনি। নদীতে কাজ করতে গিয়ে ঠান্ডা অনুভূত হয়েছে বলেও জানান।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, বায়ুমণ্ডলে আর্দ্রতা বৃদ্ধি এবং দিন-রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে কুয়াশা তৈরি হয়। তবে দক্ষিণা বাতাস, মৌসুমি বায়ুর সক্রিয়তা, হঠাৎ বৃষ্টি ও দীর্ঘ সময় মেঘাচ্ছন্ন আকাশের কারণেও এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, এই ধরনের কুয়াশাকে সাধারণত ‘স্টিম ফগ বা ‘বাষ্পীয় কুয়াশা' বলা হয়।
উল্লেখ্য যে, এর আগে চলতি মাসের গত ২ এপ্রিল তারিখে পঞ্চগড়ে এমন কুয়াশা দেখা গিয়েছে।
প্রতিনিধি/এসএস