images

সারাদেশ

গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার, ইবিতে সকল প্রস্তুতি সম্পন্ন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৯ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম

আগামীকাল ১০ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা। এ পরীক্ষা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। দেশের ২১টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে এবার মোট ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৪৯ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ২৫ হাজার ১৮৫ জন আবেদনকারী রয়েছেন।

পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

ইবি কেন্দ্রে গুচ্ছ ‘এ’ ইউনিটের সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ৯টি ভবনের ১৯৫টি কক্ষে মোট ১১ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত ‘বি’ ইউনিটের পরীক্ষায় কয়েকটি কক্ষে ঘড়ি ও ফ্যানের যে সমস্যা ছিল, তা ইতোমধ্যে সমাধান করা হয়েছে।

ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, আগামীকাল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব, পুলিশ ও বিএনসিসি কাজ করবে। এ ছাড়া পরীক্ষাসংক্রান্ত যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ ইন্টেলিজেন্স টিম নিয়োজিত রয়েছে। আশা করছি, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।

প্রতিনিধি/একেবি