জেলা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পিএম
বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বর্তমানে কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনার কাজ।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘শান্তিপূর্ণ ও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।’
এদিকে ভোট চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন জামায়াত সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগগুলোর কোনো সুরাহা না করারও দাবি করেন। তবে বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করলেও আবিদুর রহমান সোহেল ভোটের মাঠ না ছাড়ার ঘোষণা দেন এবং শেষ পর্যন্ত ফলাফল নিয়ে বাড়ি ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।
বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের উপনির্বাচনে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এ ছাড়া ভোটগ্রহণে নিয়োজিত ছিলেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি এবং ১০ প্লাটুন র্যাব। পাশাপাশি টহল ও নিরাপত্তায় ছিল সেনাবাহিনী এবং ডগ স্কোয়াড।
বগুড়া-৬ (সদর) আসনের ১৫০টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথ।
প্রতিনিধি/একেবি