images

সারাদেশ

ওজনে কম দেওয়ায় চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানে জরিমানা

জেলা প্রতিনিধি

০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি, মূল্যতালিকা না দেখানো এবং তেল পরিমাপে কারচুপির অভিযোগে চুয়াডাঙ্গার তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সদর উপজেলার হাটকালুগঞ্জ, ভালাইপুর ও সরোজগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় আব্দুল মান্নানের প্রতিষ্ঠান ‘এবিএম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় একই আইনের ৩৮ ধারায় হাসানের প্রতিষ্ঠান ‘হাসান স্টোর’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে তেল পরিমাপে কম দেওয়ায় মনিরুল ইসলামের প্রতিষ্ঠান ‘মেসার্স মনিরুল ফিলিং স্টেশন’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

মামুনুল হাসান আরও জানান, তদারকিকালে ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য না বিক্রি এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এমআই