জেলা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ পিএম
রাজশাহীর পবা উপজেলায় তেল বিক্রিতে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে একটি ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার দারুশা কর্ণহার এলাকায় অবস্থিত ‘মতিউর ফিলিং স্টেশনে’ র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
সম্প্রতি সরকার সারাদেশে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত তদারকির অংশ হিসেবে পবা উপজেলার ওই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। মনিটরিং চলাকালীন পাম্পটির কার্যক্রমে চরম বিশৃঙ্খলা ও বেশ কিছু গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়।
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সামিয়া রহমান সাংবাদিকদের জানান, পাম্পটিতে মূলত তিনটি প্রধান ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম পাওয়া গেছে।
প্রথমত, গ্রাহকদের তেল বিক্রির পর বাধ্যতামূলক রসিদ বা স্লিপ দেওয়ার নিয়ম থাকলেও পাম্প কর্তৃপক্ষ তা মানছিল না। এমনকি তারা পূর্ববর্তী বিক্রয় রসিদের কোনো রেকর্ডও দেখাতে পারেনি। দ্বিতীয়ত, পাম্পের ক্রয়-বিক্রয় ও দৈনন্দিন হিসাবের কোনো সঠিক বা আপডেট তথ্য সেখানে সংরক্ষিত ছিল না। তৃতীয়ত, কর্তৃপক্ষ যে পরিমাণ তেলের মজুত আছে বলে দাবি করছিল, বাস্তবে তা যাচাই করার মতো কোনো স্বীকৃত পদ্ধতি বা ব্যবস্থা সেখানে পাওয়া যায়নি।
বিদ্যমান আইন লঙ্ঘন ও গ্রাহক ঠকানোর এসব অপরাধ আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত মতিউর ফিলিং স্টেশনকে নগদ দুই লাখ টাকা জরিমানা করে। অভিযান চলাকালীন র্যাব-৫-এর সদস্যবৃন্দ, প্রশাসনের নিয়মিত মনিটরিং অফিসার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/একেবি