নিজস্ব প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ পিএম
চট্টগ্রামের সীতাকুন্ডে নির্মাণাধীন একটি কারখানার গুদামে টিনশেডের ছাদ ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত দুই শ্রমিক হলেন- মো. ফারুক (৩০) ও মো. জহির (৩৫)।
বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া এলাকায় সাগর উপকূলে অবস্থিত অল ট্রেড ইন্টারন্যাশনাল (ছাই ফ্যাক্টরি) নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক নোয়াখালী জেলার ও জহির কুমিল্লা জেলার বাসিন্দা। এ সময় তারা ছাদটির ওয়েল্ডিংয়ের কাজ করছিল। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন। তিনি বলেন, বারআউলিয়ায় দুর্ঘটনাস্থল থেকে দুই শ্রমিককে নিয়ে আসলে দেখা যায় তারা দুজনেই মৃত। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাফর জানান, দুপুরে ৫-৬ জন শ্রমিক গোডাউনে এসে ওয়েল্ডিং মেশিন দিয়ে টিনশেড ছাদ সংস্কারের কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে হঠাৎ টিনশেড ছাদটির অ্যাংগেল ধসে নিচে পড়ে যায়। ধসে পড়া টিন শেটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শ্রমিক ফারুক ও জহিরের মৃত্যু হয়। পরে অন্য শ্রমিকরা বাহির থেকে ক্রেন এনে ধসে পড়া টিনশেডের ছাদ সরিয়ে দুই শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।
প্রতিনিধি/এসএস