উপজেলা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৬, ০৯:২১ পিএম
নোয়াখালীর হাতিয়ায় প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড।
বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে হাতিয়া উপজেলার চরঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ অবৈধ তেল শব্দ করা হয়।
রাত পৌনে ৯টায় বিসিজি স্টেশন হাতিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মজুদকালে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়।
পরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে বৈধ কাগজপত্র ব্যতীত মজুত ও বিক্রয়ের দায়ে ২ জন ব্যবসায়ী থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এবং জব্দ করা জ্বালানি তেল লাইসেন্স করা ব্যাবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশনা প্রদান করেন বলে প্রেস রিলিজে উল্লেখ করেন, কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম।
অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান মিডিয়া কর্মকর্তা।
প্রতিনিধি/এসএস