জেলা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষক আবেদীন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া একজনকে খালাস দেওয়া হয়েছে এবং সাজাপ্রাপ্ত প্রত্যেককে অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মো. মোতালেব হোসেনকে। তার বাবা মৃত আজিজুর রহমান এবং মো. রশিদ জামালকে। তার বাবার নাম মৃত আইন উদ্দিন। তারা উভয়ই দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আব্দুল লতিফ, মো. সুরুজ মিয়া ও মো. আব্দুল হামেদ। তারা সবাই সবুজপুর গ্রামের মৃত আইন উদ্দিন ফকিরের সন্তান।
এই মামলা থেকে খালাস পেয়েছেন সবুজপুর গ্রামের মো. খোরশেদ আলম। তার বাবার নাম মো. আসাদ জামাল।
আদালত সূত্র জানায়, রায় ঘোষণার সময় মামলার প্রধান আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মোতালেব হোসেন পলাতক ছিলেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার জানান, দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামে সামাজিক ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আক্তার হোসেন আবেদীনের সাথে আসামিদের দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে ২০০৭ সালের ২২ মে রাত সাড়ে ৮টার দিকে গ্রামের একটি মাদরাসার পাশে আবেদীনকে ডেকে নিয়ে আসামিরা ছুরিকাঘাত করে।
আবেদীনের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে হাসপাতালে নেওয়ার পথে তিনি হামলাকারীদের নাম বলে যান।
এই ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামি মো. রশিদ জামাল ও মো. খোরশেদ আলম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
প্রতিনিধি/একেবি