জেলা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ পিএম
বগুড়ার শিবগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে ঘরের মেঝেতে লাশ রেখে পালিয়ে গেছেন স্বামী। পরদিন এনজিওর কিস্তির টাকা নিতে এসে ডাকাডাকি করে না পেয়ে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে লাশ উদ্ধার করে।
নিহতের নাম শিল্পি বেগম (৩২)। তিনি শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জের বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়ার মিন্টু মিয়ার স্ত্রী।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মিন্টু মিয়া বেকার এবং নেশাগ্রস্ত। এ কারণে তাদের সংসারে ঝগড়া ও মারপিট লেগেই থাকত। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এনজিও কর্মী শিল্পী বেগমের বাসায় এসে কিস্তি নেয়ার জন্য ডাকাডাকি করে। কিন্তু ঘর তালা দেওয়া দেখে পাশের তার মেয়ের বাড়িতে খোঁজ করে। সেখানেও না পেয়ে প্রতিবেশীরা এসে তালা ভেঙে ঘরে প্রবেশ করে মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দেওয়া হলে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশের ধারণা, মঙ্গলবার রাতের যেকোনো সময় মিন্টু মিয়া তার স্ত্রীকে বুকে ছুরিকাঘাত করে ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে।
তার অবস্থান শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ কাজ শুরু করেছে ওসি জানান।
প্রতিনিধি/এসএস