জেলা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের তগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে বিদ্যালয়ের বারান্দার গ্রিল কেটে বিদ্যালয়ের কক্ষ থেকে বিপুল পরিমাণ শিক্ষাসামগ্রী ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে গ্রিল কেটে বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করে শিশুদের অনলাইন পাঠদানের জন্য ব্যবহৃত মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, ল্যাপটপ, এলইডি মনিটার, ৮টি সিলিং ফ্যান ও টেবিল ফ্যান চুরি করে নিয়ে গেছে। শুধু তাই নয়, বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা এবং ছুটির কাছে কাজে ব্যবহৃত পিতলের ঘণ্টাটিও খুলে নিয়ে যায় তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিকুননাহার জানান, বিদ্যালয়টি সুনামের সঙ্গে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছিল। বুধবার (৮ এপ্রিল) সকালে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে আমরা চুরির বিষয়টি জানতে পারি। বিদ্যালয়টি মহাসড়কের পাশে হওয়ায় নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, কিন্তু চোরেরা সেগুলোও খুলে নিয়ে গেছে।
মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, চুরির ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্রটিকে ধরতে পুলিশ কাজ করছে।
প্রতিনিধি/এসএস