images

সারাদেশ

তেঁতুলিয়ায় অবৈধ ডিজেল মজুদবিরোধী অভিযান, ১৩০ লিটার জব্দ

জেলা প্রতিনিধি

০৮ এপ্রিল ২০২৬, ০১:২৮ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ১৩০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে মডেল থানা পুলিশ। তবে অভিযানের আগেই অভিযুক্ত বাবা ও ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার শিপাইপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার সিপাইপাড়ার বাজারের দোকানদার মো. বাবুল আক্তার (৫৫) এবং তার ছেলে নিশান (২৬) তাদের দোকানে ড্রামের মাধ্যমে ডিজেল সংরক্ষণ করছিলেন। এ সময় তাদের কার্যকলাপ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তেল জব্দ করে এবং পুলিশকে খবর দেয়।

এদিকে, খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ একটি ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে বাবুল আক্তারের দোকান থেকে আনুমানিক ১৩০ লিটার ডিজেল উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে পুলিশের উপস্থিতির আগেই অভিযুক্ত বাবুল আক্তার ও তার ছেলে নিশান পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/টিবি